চাকরি জাতীয়করণের দাবিতে রাঙামাটি পৌরসভার কর্মচারীরা গতকাল রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেন তাঁরা। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে জন্মনিবন্ধন, শিশুদের টিকাদানসহ পৌরবাসীর সেবায় নিয়োজিত কর্মচারীরা আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন। বক্তারা বলেন, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে দেশের অন্যান্য পৌরসভার মতো রাঙামাটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে পারছে না। তাঁরা সরকারি কোষাগার থেকে বেতন-ভাতাসহ অবসরকালীন সুবিধা প্রদান করার দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন রাঙামাটি পৌরসভা কর্মচারী সংসদের সভাপতি এ কে এম বশির হোসেন, সাধারণ সম্পাদক সনত কান্তি বড়ুয়া, ফিরোজ আল মামুন।