যৌতুক, ইভ টিজিং ও নারী নির্যাতনকে ‘না’ বলুন—এ স্লোগানে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন করা হয়েছে। যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ-এর আহ্বানে গতকাল মঙ্গলবার এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা যৌতুকবিরোধী ব্যানার, পোস্টার বহন করেন। কর্মসূচিতে বক্তব্য দেন যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি কে এম আফতাব উদ্দিন, সহসভাপতি শাহজাহান চৌধুরী, সম্পাদক বেলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। বক্তারা বলেন, যৌতুকের জন্য প্রায় প্রতিদিনই কোনো কোনো স্থানে নারী নির্যাতনের ঘটনা ঘটছে। যৌতুকের বলি হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন অনেক নারী। একইভাবে নারীদের উত্ত্যক্ত করা ও নানা ধরনের নারী নির্যাতনের ঘটনাও বাড়ছে। এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সবাইকে সচেতন হতে হবে।