মানব পাচারে জড়িত থাকার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকার মধ্য পীরেরবাগ থেকে আজ শুক্রবার ভোরে তানাইম ইসলাম চৌধুরী (৩৭) নামের একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
ভোর চারটার দিকে ওই এলাকার ২৮১/১০/২ নম্বর বাড়ি থেকে র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তানাইমকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১৭টি পাসপোর্ট ও একটি ব্যাংকের নয় কোটি টাকার চেক জব্দ করা হয়।
প্রথম আলোকে দেওয়া র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের তথ্যমতে, তানাইম একটি প্রতিষ্ঠানে পরামর্শকের কাজ করে আসছিলেন। এর আড়ালে তিনি মানব পাচারের সঙ্গে জড়িত ছিলেন। লিবিয়া, ইরাক, সাইপ্রাস ও আরব আমিরাতে বৈধ কাগজপত্র ছাড়াই তিনি মানব পাচার করতেন। অভিযোগ রয়েছে, তানাইম ইসলামের মাধ্যমে পাচার হওয়া অনেক লোককে উগান্ডায় বন্দী শিবিরে জিম্মি করে রাখা হয়েছে।