মানিকগঞ্জ সদর উপজেলার রাজিবপুর বাজারে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে এক ব্যবসায়ী আহত হয়েছেন। ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ১১টার দিকে রাজিবপুর বাজারের মোন্নাফ মিয়ার গবাদিপশুর খাদ্যের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে আবদুল হান্নান নামের এক ব্যবসায়ী আহত হন।