
মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে জেলা পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কার্যালয়ের সামনে বাগজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন জেলা সদরের চর গড়পাড়া গ্রামের হুমায়ুন কবির (৫২) ও তাঁর স্ত্রী ইয়াসমিন আক্তার (৪৫)। তাঁরা জেলা শহরের উত্তর সেওতা এলাকায় থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা পবিস কার্যালয়ে বিলিং সহকারী পদে ইয়াসমিন আক্তার চাকরি করতেন। আজ সকাল নয়টার দিকে মোটরসাইকেলে করে স্ত্রী ইয়াসমিনকে পবিস কার্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য উত্তর সেওতার বাসা থেকে বের হন হুমায়ুন। সকাল সোয়া নয়টার দিকে পবিস কার্যালয়ের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অতিক্রম করার সময় গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হুমায়ুন কবির নিহত হন। খবর পেয়ে পুলিশ ও সহকর্মীরা গুরুতর আহত ইয়াসমিন আক্তারকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বানিয়াজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, নিহত দম্পতির লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় লোকজন ও পবিস কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, এই মহাসড়কের বাগজান এলাকা ঝুঁকিপূর্ণ। এই স্থানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনারোধে পবিস কার্যালয়ের সামনে মহাসড়কে গতিরোধক নির্মাণের দাবি জানান তাঁরা।