
যুক্তরাষ্ট্রের উন্নয়ন আর্থিক সংস্থার (ডিএফসি) তহবিল–সুবিধা থেকে বঞ্চিত হলেও বাংলাদেশের কোনো অসুবিধা হচ্ছে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।
আজ বুধবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্রসচিব ডিএফসি নিয়ে এক প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন।
শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকারসহ শ্রম অধিকার ও কর্মপরিবেশের নিরাপত্তা নিয়ে মার্কিন উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের ডিএফসি তহবিল–সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। সম্প্রতি দুই দেশের ব্যবসায়ী পরিষদের নৈশভোজ সভায় মার্কিন রাষ্ট্রদূত এ তথ্য জানান।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাসের সঙ্গে আলোচনায় ডিএফসির প্রসঙ্গটি এসেছে কি না, জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, ‘এ নিয়ে আজ আলোচনা হয়নি। অর্থনৈতিক সংলাপে স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হবে। আমরা জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়টি তুলব। তারাও শ্রম ইস্যুতে উদ্বেগের বিষয়গুলো তুলবে। তবে ওটা (ডিএফসির তহবিল–সুবিধা) ছাড়া তো আমাদের খুব একটা অসুবিধা হচ্ছে না। আমাদের বাড়তি যদি সুবিধা হয়, তবে তাতে অগ্রাধিকার থাকবে, না হলে নয়।’
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, আগামী মাসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চপর্যায়ের অর্থনৈতিক সংলাপের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশও নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছে।
শ্রম অধিকার নিয়ে মার্কিন উদ্বেগের বিষয়ে জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, শ্রম অধিকার বিষয়ে শুধু যুক্তরাষ্ট্রের সঙ্গেই আলোচনা হয় না। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গেও সরকার এ নিয়ে আলোচনা করছে। কারণ, সবার একই ধরনের উদ্বেগ বা পর্যবেক্ষণ রয়েছে।
মাসুদ বিন মোমেন বলেন, ‘আমাদের প্রস্তুতি চলছে। আমরা ইইউ, আইএলওর সঙ্গে কাজ করছি। একটা রোডম্যাপও দিয়েছি। আমাদের কিছু প্রতিশ্রুতি আছে। সেগুলো আমরা ২০২৩ সালের মধ্যে বাস্তবায়নে কাজ করছি। বিভিন্ন দেশের উত্থাপিত বিষয়ে আমরা যদি অনুধাবন করি, বাংলাদেশের কিছু করণীয় রয়েছে, সে ক্ষেত্রে বাস্তবতার আলোকে আমরা কাজ করি।’
বাংলাদেশের শ্রম অধিকারের কোন কোন ক্ষেত্রে মার্কিন আপত্তি আছে, এমন প্রশ্নে পররাষ্ট্রসচিব বলেন, ‘ট্রেড ইউনিয়ন বা সংগঠন করার অধিকার, ভীতি প্রদর্শনের (শ্রমিকদের সংগঠিত হওয়ার ক্ষেত্রে) মতো অভিযোগ রয়েছে তাদের। কিন্তু সব অভিযোগের সঙ্গে আমরা একমত, বিষয়টি সে রকম নয়।’