চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ এমরান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ডোমখালী গ্রামে এ ঘটনা ঘটে।ওই এলাকার বাসিন্দা মাঈন উদ্দিন চৌধুরী জানান, গতকাল সোমবার সকালে ডোমখালী এলাকার আনু ভুঁইয়া বাড়ির শাহ এমরান নিজের ঘরে বৈদ্যুতিক তারের কাজ করছিলেন। এ সময় তারের ছেঁড়া একটি অংশ তাঁর শরীরে লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখান থেকে উদ্ধার করে মিরসরাই সদরের মাতৃকা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।