বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চাকরিচ্যুত কর্মচারীরা অনশন ভেঙেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংসদ চয়ন ইসলাম তাঁদের অনশন ভাঙান। মিল্ক ভিটার চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের মধ্যে ৬০ জন তাঁদের চাকরি পুনর্বহাল এবং মিল্ক ভিটার জিএম ও ডিজিএমের অপসারণের দাবিতে শুক্রবার সকাল আটটা থেকে মিল্ক ভিটার বাঘাবাড়ী কারখানার প্রধান ফটকের সামনে আমরণ অনশন শুরু করেন। অনশনের দ্বিতীয় দিনে গতকাল শনিবার দুপুরে মহির উদ্দীন, শহিদুল ইসলাম, রাজ্জাক ও মোশারফ নামে চারজন শ্রমিক অসুস্থ হওয়ায় তাঁদের স্যালাইন দেওয়া হয়। শুক্রবার রাতে সিরাজগঞ্জের জেলা প্রশাসক হুমায়ুন কবীর ও পুলিশ সুপার মোশাররফ হোসেন অনশনকারীদের সঙ্গে দেখা করেন।