মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও বাজারে গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিলেনুর রহমান, ইউপি সদস্য জালাল মোল্লা, ইউনিয়ন মহিলা লীগের সভানেত্রী জাহানারা বেগম, যুবলীগের সভাপতি দুলাল রাঢ়ী, ছাত্রলীগের সভাপতি কাওছার হাওলাদার।স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে আওয়ামী লীগের নেতা মিলেনুর রহমানের বাসভবনে বর্ধিত সভা শুরু হয়। সভায় আধিপত্য বিস্তার করতে গেলে পাঁচগাঁও বাজারে আওয়ামী লীগের নেতা জালাল মোল্লা ও হাকিম খন্দকারের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হন। এতে ১০ জন আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পরে এর জের ধরে বর্ধিত সভায় দুই পক্ষের মধ্যে আরেক দফা হাতাহাতি ও হট্টগোল হয়।এ প্রসঙ্গে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ প্রথম আলোকে জানান, এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে সামান্য ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।