মুন্সিগঞ্জে ট্রাকচাপায় নিহত ৪

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাক উল্টে সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে শিশুসহ চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন।
আজ বুধবার দুপুর একটার দিকে উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার ভবের চর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন নারী ও দুটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। হতাহতদের সবাই সিএনজিচালিত অটোরিকশায় ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঢাকা থেকে কুমিল্লাগামী ট্রাকটির চালক জামালদি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারান। ট্রাকটি উল্টে গিয়ে সিএনজিচালিত দুটি অটোরিকশার ওপর পড়ে। ট্রাকের চাপায় অটোরিকশায় থাকা দুই নারী ও দুটি শিশু ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কয়েকজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।