চট্টগ্রাম বন্দরে মূলধনী যন্ত্রপাতির নামে মিথ্যা ঘোষণায় আনা ইলেকট্রনিকস পণ্যের একটি চালান আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার এক চালানের দুটি কনটেইনার খোলা হলে শুল্ক ফাঁকির এ বিষয়টি ধরা পড়ে। শুল্ক কর্মকর্তারা জানান, কনটেইনার দুটিতে আট সেট মূলধনী যন্ত্রপাতি আসার কথা ছিল। তবে কনটেইনার খুলে পাওয়া গেছে বিভিন্ন ব্র্যান্ডের ৮৮ সেট এয়ারকন্ডিশনার, ৬৯১টি এলসিডি ও এলইডি টেলিভিশন ইত্যাদি। ঢাকার উত্তর মুগদাপাড়া এলাকার ইউনি গ্লোরি নামের একটি কোম্পানি এসব পণ্য আমদানি করে। এ বিষয়ে রাজস্ব কর্মকর্তা ওমর ফারুক প্রথম আলোকে বলেন, এই চালানে প্রায় দুই কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুল্ক কর্মকর্তারা জানান, মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে শুল্ক পরিশোধ করতে হয় মাত্র ৩ শতাংশ।