প্রাইভেট পড়ে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দিনাজপুরের বিরলে দুর্ঘটনায় সঞ্জয় চন্দ্র দেব শর্মা ওরফে সজীব (১৪) নামের এক ছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে প্রশান্ত চন্দ্র দেবশর্মা (১৪) ও গৌরাঙ্গ চন্দ্র দেবশর্মা (১৩) নামের দুই ছাত্র।
আজ শনিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
সঞ্চয় দেব শর্মা বিরল উপজেলার সুকদেবপুর গ্রামের সুবল চন্দ্র দেব শর্মার ছেলে। হতাহত তিনজনই উপজেলার এস আর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
বিরল স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুর রহমান প্রথম আলোকে জানান, হাসপাতালে আসা এক প্রত্যক্ষদর্শী তাঁকে জানিয়েছে ওই তিন ছাত্র দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। জগতপুর খাল লোলিয়া এলাকায় বিরল-কালিয়াগঞ্জ পাকা রাস্তার সেতুর কাছে পৌঁছালে গৌরাঙ্গ নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায় ও তিনজন গুরুতর আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাদের হাসপাতালে নিয়ে আসে।
ফজলুর রহমান আরও জানান, কিন্তু হাসপাতালে পৌঁছানো আগেই সঞ্জয় মারা যায়। প্রশান্তের মাথা থেঁতলে গেছে। প্রশান্ত ও গৌরাঙ্গের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুজনকেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ জানান, ওই তিন ছাত্র বাড়ি থেকে প্রায় ৭-৮ কিলোমিটার দূরে জগৎপুর গ্রামে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান বিষয়) মোকতার আলীর কাছে প্রাইভেট পড়তে গিয়েছিল। এ দুর্ঘটনার পর বিদ্যালয় পরিচালনা কমিটি আজকের জন্য স্কুল বন্ধ ঘোষণা করে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।