বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দিতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে, এরা একই পরিবারের সদস্য। গতকাল রোববার বেলা সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট আবদুল কাদের জানান, হাটিকুমরুল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তি মোটরসাইকেলযোগে এক নারী ও শিশুকে নিয়ে যমুনা সেতুর দিকে যাওয়ার পথে ধোপাকান্দিতে পেছন থেকে ঢাকাগামী বিসমিল্লাহ্ পরিবহনের একটি কোচ চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী নারী (৩৫) নিহত হন। চালক ও অপর আরোহী শিশুকে (ছেলে) সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর বিকেলে দুজনেরই মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। কোচটি আটক করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।