মোসাদ্দেক আলী আবারও রিমান্ডে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলীর পাঁচ দিনের রিমান্ড শেষে আজ শনিবার তাঁকে ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। আজ আরেকটি মামলায় আবারও তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। ছবি: ফোকাস বাংলা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলীর পাঁচ দিনের রিমান্ড শেষে আজ শনিবার তাঁকে ঢাকার মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হয়। আজ আরেকটি মামলায় আবারও তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। ছবি: ফোকাস বাংলা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলীকে (ফালু) আবারও রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এবার বাড্ডা থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রক আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
আজ শনিবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
এর আগে ২ ফেব্রুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মোসাদ্দেক আলীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পাঁচ দিনের রিমান্ড শেষে আজ দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রক আইনে করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান। জামিন আবেদনের শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
১ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে তাঁর গুলশানের কার্যালয় থেকে বের হওয়ার পরপরই মোসাদ্দেক আলীকে আটক করে পুলিশ। আটকের পর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের দুই আমলে কোনো মামলা হয়নি, আটকও হননি। তত্ত্বাবধায়ক সরকারের সময় তাঁর বিরুদ্ধে আটটি মামলা হয়। সে সময় ২০০৭ সালে ৪ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম কোর্টে আত্মসমর্পণের পর তাঁকে কারাগারে পাঠানো হয়। পরের বছর ২২ ডিসেম্বর তিনি জামিনে মুক্তি পান। সে সময় ত্রাণের টিন আত্মসাৎ মামলায় তাঁর পাঁচ বছরের সাজা হয়েছিল।

আরও পড়ুন....
মোসাদ্দেক আলীর পাঁচ দিনের রিমান্ড