নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ী হয়েছেন হাসিম উদ্দিন।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা সজল চন্দ্র সরকার জানান, নয়টি ভোটকেন্দ্রে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে চেয়ারম্যান পদে হাসিম উদ্দিন দুটি পাতা প্রতীক নিয়ে ২ হাজার ৩২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুখলেছুর রহমান ঢোল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৪৫ ভোট। গত ২২ মে ওই ইউপির চেয়ারম্যান মাহবুবুল আলম খান সন্ত্রাসী হামলায় নিহত হন।