মৌলভীবাজারে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ইমরান আহমদ নামের এক কর্মী আহত হয়েছেন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে গতকাল সকালে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আহমদের নেতৃত্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যান সংগঠনের নেতা-কর্মীরা। সেখান থেকে ফেরার পথে কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক এলাকায় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পক্ষের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। তখন দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় ইমরান আহমদের মাথায় ইটের আঘাত লাগে এবং আরও কয়েকজন আহত হন।এ ঘটনার জন্য উভয় পক্ষই পরস্পরকে দায়ী করেছে। জানা গেছে, সংগঠনের নেতৃত্ব নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।