ময়মনসিংহে হত্যার দায়ে আটজনের যাবজ্জীবন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রমজান আলী হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহিরুল কবীর এই রায় দেন।
দণ্ড পাওয়া আসামিরা হলেন ত্রিশাল উপজেলার আকরাইল গ্রামের নাসিরুল হক ও আবদুল আউয়াল এবং গন্ধখোলা গ্রামের সুমন মিয়া, আলমগীর কবীর, আবদুল বাতেন, হুমায়ুন কবীর, সিরাজুল ইসলাম ও জিয়া উদ্দিন। তাঁদের মধ্যে জিয়া উদ্দিন পলাতক।
মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর রাতে ত্রিশাল উপজেলার আকরাইল গ্রামের ব্যবসায়ী রমজান আলীর বাড়িতে একদল ডাকাত হানা দেন। এ সময় ডাকাতদের বাধা দিলে ডাকাতেরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রমজান আলীকে কোপান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।