যশোরে মাটিবাহী ট্রাকের চাপায় দুই ব্যবসায়ী নিহত

যশোরে মাটিবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সদর উপজেলার পদ্মবিলা এলাকায় যশোর-খুলনা মহাসড়কে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন এক ঘণ্টা সড়ক অবরোধ করেন।
নিহত ব্যক্তিরা হলেন যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের শেখ শাহিন (৩৫) ও রমজান আলী (২৮)।
স্থানীয় কয়েকজন জানান, স্থানীয় আফিল ইটভাটার মাটিবাহী একটি ট্রাক বসুন্দিয়া থেকে যশোর শহরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে রমজান ঘটনাস্থলেই মারা যান। যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর শাহিনের মৃত্যু হয়।