যশোর শহরের শংকরপুরের আলিয়া মহিলা মাদ্রাসাসংলগ্ন এলাকায় গত বুধবার মেহেদী হাসান (২৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি যশোর রেলওয়ে জংশন বাজারের মুদির দোকানি ছিলেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। এলাকাবাসী ও পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে শংকরপুর আলিয়া মহিলা মাদ্রাসার ফটকে দাঁড়িয়ে মেহেদী বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত মেহেদীর বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসকেরা মেহেদীকে মৃত ঘোষণা করেন।এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল রেলবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে মেহেদীর লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা। মিছিল শেষে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।