যশোরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবলীগের নেতা রফিকুল ইসলাম। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর
যশোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবলীগের নেতা রফিকুল ইসলাম। ছবি: এহসান-উদ-দৌলা, যশোর

যশোর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে (৩৫) আজ বুধবার রাত আটটার দিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। যশোর কেন্দ্রীয় কারাগারসংলগ্ন ঘোপের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

রফিকুল শহরের ঘোপ ধানপট্টি এলাকার নূর ইসলামের ছেলে। ঘটনার পর তাঁর স্বজনেরা বেলতলা এলাকার ফারুক ফারাজির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া স্থানীয় আরও কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, রফিকুল বেলতলা এলাকার একটি দোকানে বসেছিলেন। এ সময় মুখোশধারী ছয়-সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েকটি গুলি ছোড়ে। গুলি তাঁর মাথা ও বুকে বিদ্ধ হয়। তিনি লুটিয়ে পড়লে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত লোকজনদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে।

শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ‘প্রথম আলো’কে বলেন, রফিকুল শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার কর্মসূচি ঘোষণা করা হবে বলে আজ রাতে জানিয়েছেন তিনি।