যশোরে ৩০টি ককটেল উদ্ধার

যশোর রেলওয়ে জংশনের প্ল্যাটফর্ম থেকে গতকাল শনিবার রাত আড়াইটার দিকে ৩০টি ককটেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি দল। র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ওই রাতে র্যাবের একটি দল রেলওয়ে জংশনটিতে অভিযান চালায়। এ সময় প্ল্যাটফর্ম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগের ভেতর ৩০টি তাজা ককটেল পাওয়া যায়।
র‌্যাব-৬-এর স্কোয়াড কমান্ডার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, নাশকতা সৃষ্টির জন্য কেউ ককটেলগুলো রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ককটেল র্যাব কার্যালয়ে নিয়ে নিষ্ক্রিয় করা হবে।