যাত্রা শুরু করল 'ঢাকা ডক ল্যাব'

গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এ উদ্যোগের বিস্তারিত জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, নুরুল রাশেদ চৌধুরী, ইমরান হোসেন কিরমানী ও তারেক আহমেদ। তাঁরা ছাড়াও চলচ্চিত্র নির্মাতা ও সাংবাদিক সামিয়া জামানও এই সংগঠনের পরিচালনা পরিষদে আছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, দেশের স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতাদের নানা ধরনের প্রণোদনা ও সহযোগিতা দেওয়ার লক্ষ্যে চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ প্রায় দুই বছর আগে এ জাতীয় একটি সংগঠন শুরুর প্রয়োজনীয়তা অনুভব করেন। পরে স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাণে জড়িত আরও অনেকের সঙ্গে যোগাযোগ ঘটে, এরই বাস্তব রূপায়ণ ঘটল কাল মঙ্গলবার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে চলচ্চিত্রকে বৈশ্বিক প্রেক্ষাপটে পরিচিতি দিতে ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের কলাকৌশল প্রশিক্ষণ দিতে একটি আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হবে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিপাদ্য ‘প্রামাণ্যচিত্রের যৌথ প্রযোজনার কলাকৌশল ও যৌথ প্রযোজনার বাজার’। ছয় দিনের এই আয়োজনে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার নানা দেশ থেকে ২৫ জন তরুণ ও উঠতি চলচ্চিত্র নির্মাতা অংশ নেবেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে ১৫ জন চলচ্চিত্র নির্মাতা একটি করে চলচ্চিত্র নির্মাণ প্রকল্প জমা দেবেন, যা নানা দেশি মেনটরদের মাধ্যমে উপস্থাপনের উপযোগী করে তোলা হবে। ঢাকা ডক ল্যাবের ওয়েবসাইট ও ফেসবুকে এ-সংক্রান্ত প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার আহ্বান প্রচার করা হয়েছে, যা ১৫ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

এ-সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের ওয়েবসাইট <http:// dhakadoclab. org/> ফেসবুক পেজ: <https://www. facebook. com/dhakadoclab/> এ যোগাযোগ করতে পারেন।