স্ত্রীকে হত্যার দায়ে গাইবান্ধার সাঘাটা উপজেলার টেপাপদুমশহর গ্রামের সাজু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ মো. শরিফুল ইসলাম এ সাজা দেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, সাজু মিয়া ২০০৮ সালে গ্রামের আজগর আলীর মেয়ে শহিদা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর সাজু মিয়া আরেক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এ কারণে তিনি প্রায়ই স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করতেন। এর জের ধরে ২০১৩ সালের ৮ মে শহিদা বেগমকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই শহিদা মারা যান। ওই ঘটনায় শহিদার বড় ভাই আবদুর রশিদ সাঘাটা থানায় হত্যা মামলা করেন।