মার্কিন সেনা হত্যার পরিকল্পনা

যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত দুই যুবকের কারাদণ্ড

জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে সংশ্লিষ্টতা এবং যুক্তরাজ্যে থাকা মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত। এঁদের মধ্যে জুনায়েদ আহমদ খানকে (২৫) যাবজ্জীবন অর্থাৎ ১২ বছর এবং সজীব খানকে (২৩) আট বছর সাজা ভোগ করতে হবে। এরপর সজীব খানকে আরও ৫ বছর নজরদারিতে (লাইসেন্স) থাকতে হবে।
সাজাপ্রাপ্ত দুজনই ব্রিটিশ নাগরিক এবং দুজনই ইংল্যান্ডের লুটন শহরের বাসিন্দা। গত শুক্রবার লন্ডনের কিংসটন ক্রাউন কোর্ট এই সাজা ঘোষণা করেন। এর আগে গত ১ এপ্রিল জুরি বোর্ড সন্ত্রাসবাদের দায়ে দুই যুবককে দোষী হিসেবে সাব্যস্ত করে।
বিবিসির এক খবরে বলা হয়, যুক্তরাজ্যে জন্ম নেওয়া জুনায়েদ আহমদ খান শৈশবের কিছু সময় বাংলাদেশে পড়াশোনা করেছেন। যুক্তরাজ্যে তাঁর শিক্ষাজীবন মাধ্যমিক পর্যায়ের আগেই থেমে যায়। এরপর বেশ কয়েকটি চাকরি করে তিনি অ্যালায়েন্স হেলথ নামে একটি কোম্পানিতে গাড়িচালক হিসেবে যোগ দেন। আর সজীব খান ছিলেন বেকার। জুনায়েদ ও সজীব সম্পর্কে চাচা-ভাতিজা বলে পরিচয় দিয়েছেন।
রায় ঘোষণার সময় বিচারক এডিস বলেন, যুক্তরাজ্যের দেওয়া মূল্যবোধ ও সুযোগকে প্রত্যাখ্যান করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত এ দুই যুবক। তাঁরা শরিয়া আইনকে একমাত্র বৈধ আইন বলে মনে করেছেন এবং মানুষের তৈরি গণতন্ত্রকে প্রত্যাখ্যান করেছেন।
গত বছরের ১৪ জুলাই এ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। ইংল্যান্ডের পূর্বাঞ্চলীয় শহর সাফোকে অবস্থিত আরএএফ লেইকেনহিথ ও আরএএফ মিলডেনহল সামরিক ঘাঁটিতে মার্কিন সৈন্যদের অবস্থান। জুনায়েদ ঘাঁটিসংলগ্ন সড়কে মার্কিন সেনাদের গাড়ির সঙ্গে দুর্ঘটনা ঘটিয়ে হত্যার পরিকল্পনা করেন। আর সজীব চেয়েছিলেন জুনায়েদকে সঙ্গে নিয়ে সিরিয়ায় পাড়ি দিতে।
যুক্তরাজ্যের মেট্রোপলিটন কাউন্টার টেররিজম কমান্ডের কমান্ডার ডিন হেইডন দুই যুবককে ‘সেলফ রেডিকেলাইজড’ বা কোনো প্ররোচনা ছাড়াই উগ্রবাদী হয়ে ওঠা যুবক বলে আখ্যায়িত করেছেন। তিনি আদালতে বলেন, ২০১৪ সালের শুরুর দিকে লুটনে উগ্রবাদীদের একটি সভায় যোগ দেওয়ার কারণে দুই যুবক তাঁদের নজরে আসেন।