যুক্তিতর্ক উপস্থাপন শুরু ১ নভেম্বর

খুলনার শিশু রাকিব (১২) হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরুর দিন আগামী ১ নভেম্বর ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার খুলনা মহানগর দায়রা জজ আদালত এই দিন ধার্য করেন।
আদালত সূত্র জানায়, গতকাল দুপুরে আসামিদের আদালতে হাজির করা হলে আসামিপক্ষের আইনজীবীরা আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের ধারা পরিবর্তনের লিখিত আবেদন করেন। আবেদনে তাঁরা দণ্ডবিধির ৩০২ ধারার পরিবর্তে ৩০৪ ধারায় অভিযোগ গঠনের আবেদন করেন। ৩০৪ ধারার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। শুনানি শেষে আদালত ওই আবেদন নামঞ্জুর করেন। পরে আদালত তিন আসামি—শরীফ মোটরসের মালিক মো. শরীফ, মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমকে আলাদাভাবে তাঁদের বিরুদ্ধে ৩৮ জন সাক্ষীর দেওয়া সাক্ষ্য সংক্ষিপ্তভাবে পড়ে শোনান। আদালত তাঁদের কিছু বলার আছে কি না, জানতে চাইলে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে সাফাই সাক্ষী দেবেন না বলে জানান।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগামী ১ নভেম্বর প্রথমে বাদীপক্ষের যুক্তিতর্ক শুনানি হবে। পরে আসামিপক্ষের আইনজীবীরা যুক্তিতর্কে অংশ নেবেন।