যুগ্ম সচিব মোমেনকে বাধ্যতামূলক অবসর

দীর্ঘদিন ধরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় গণকর্মচারী (অবসর গ্রহণ) আইন অনুযায়ী তাঁকে অবসরে পাঠানো হয় বলে আদেশে উল্লেখ করা হয়।

এ নিয়ে গত নয় দিনে তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। গত ২৯ মে নাসিমুল গণি নামের একজন অতিরিক্ত সচিব এবং ২ জুন মো. শফিউল্লাহ নামের একজন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। প্রথমজন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের একান্ত সচিব এবং দ্বিতীয়জন সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর একান্ত সচিব ছিলেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাঁরা ওএসডি ছিলেন।