
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে তাঁর শুভেচ্ছার নিদর্শন হিসেবে প্রতিবারের মতো এবারও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফলমূল–মিষ্টান্ন পাঠিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জন্য ফলমূল–মিষ্টান্ন পাঠান।
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান ও সহকারী প্রেসসচিব এ বি এম সরওয়ার-ই-আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস–উৎসবে তাঁদের স্মরণ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
একই সঙ্গে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এ সময় সাম্প্রতিক সংঘটিত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননা ও নব্য রাজাকারদের উত্থান–প্রচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তাঁরা যেকোনো মূল্যে স্বাধীন বাংলাদেশের মাটি থেকে ধর্মের নামে সন্ত্রাসী কার্যকলাপসহ রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি ও ভবিষ্যৎ প্রজন্মকে এ ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।