চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় চট্টগ্রামে মো. ওসমান নামের এক ব্যক্তিকে তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর তিন আসামি ওসমানের মা-বাবা ও ভাইকে খালাস দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত মো. ওসমানের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সৈয়দনগর পাড়ুয়া গ্রামে। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের জানান, দুই লাখ টাকা যৌতুকের দাবিতে ২০১০ সালের ১৮ মে স্ত্রীকে মারধর করে আহত করেন ওসমান।