যৌথ মহড়া শেষে ভারতের জাহাজ মংলা বন্দরে

ভারতের নৌবাহিনীর কর্মকর্তারা বন্দরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান বাংলাদেশের নৌবাহিনীর কর্মকর্তারা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর যৌথ মহড়া শেষে (সিওআরপিএটি) ভারতের দুটি জাহাজ আইএনএস কোরা ও আইএনএস সুমেধা মংলা বন্দরে পৌঁছেছে। গতকাল মঙ্গলবার জাহাজ দুটি বাংলাদেশের বন্দরে পৌঁছায়।

ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক অপরাধ মোকাবিলায় সামুদ্রিক অভিযান পরিচালনার সময় আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক এই মহড়ায় দুই দেশের মেরিটাইম পেট্রল এয়ারক্রাফটও অংশ নেয়। যৌথ মহড়ার চতুর্থ সংস্করণ ছিল এটি। গত রোববার ও সোমবার এই মহড়া অনুষ্ঠিত হয়।

ভারতীয় হাই কমিশন জানিয়েছে, আন্তর্জাতিক সামুদ্রিক অপরাধ মোকাবিলায় সামুদ্রিক অভিযান পরিচালনার সময় আন্তঃকার্যক্ষমতা বাড়ানো লক্ষ্যে মহড়া অনুষ্ঠিত হয়েছে

বিবৃতিতে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার ও আজ বুধবার বার্ষিক ‘বঙ্গসাগর’ অনুশীলনের দ্বিতীয় সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর অপারেশনাল দল অপারেশনাল পদ্ধতি নিয়ে আলোচনা করছে। এ ছাড়া দুই দেশের নৌবাহিনীর জাহাজ আগামীকাল বৃহস্পতিবার একসঙ্গে যাত্রা করবে ও বঙ্গোপসাগরে মহড়ায় অংশ নেবে। এর মধ্যে নৌ মহড়া, কৌশল, অস্ত্রের গুলি চালানোর অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে। মহড়া শেষ হবে শুক্রবার।