কুমিল্লার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজ মাঠে গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ‘মাদকের বিরুদ্ধে’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মলয় তরুণ সংঘকে শহীদনগর রংধনু একাদশ ৩-২ গোলে হারিয়ে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন সাবেক কৃতী খেলোয়াড় কামরুল হাসান। এ সময় মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন ও সমাজসেবক আরিফুর রহমান উপস্থিত ছিলেন।