নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রড উৎপাদনকারী প্রতিষ্ঠান সেঞ্চুরি মেটাল লিমিটেডে গতকাল মঙ্গলবার চুল্লি (লোহা গলানোর চুলা) বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে তিনজন। নিহত শ্রমিকের নাম রশিদুল ইসলাম (২৫)।পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানান, জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় অবস্থিত সেঞ্চুরি মেটালের কারখানায় সকাল সাড়ে নয়টার দিকে বিকট শব্দে চুল্লি বিস্ফোরিত হয়। এতে রশিদুল গুরুতর আহত হন। এ ছাড়া আহত হন শ্রমিক হাসিবুল, ইলিয়াস ও শরিফ মোল্লা। রশিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস আলী জানান, তাঁরা বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছেন।