বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসর কুঠিবাড়িতে এবারের উৎসবে থাকছে দিনব্যাপী আয়োজন। দিনটি ঘটা করে পালন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণা, নাটক, আবৃত্তি, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রবীন্দ্র মেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেমন্ত হেনরি কুবি জানান, অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী মো. এমাজ উদ্দিন প্রামাণিক, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান প্রমূখ উপস্থিত থাকবেন।