রাজধানীর রমনা পার্কে অবস্থিত রমনা রেস্তোরাঁর অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাঙার কাজ শুরু করে। বুলডোজারের সাহায্যে দুপুর পর্যন্ত চলে অভিযান।গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুজ্জামান অভিযানে অংশ নেন। তাঁরা জানান, ভাঙার কাজ শুরুর আগে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আধা ঘণ্টা সময় দেওয়া হয়। নিজ উদ্যোগে রেস্তোরাঁর বর্ধিত অংশ ভেঙে ফেলারও সুযোগ দেওয়া হয়েছিল।