রহিদুলের পাশে আহমদিয়া বিরোধী নেতারা, দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা

প্রথম আলোর রংপুরের তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল ইসলাম মিয়াকে দেখতে যান স্থানীয় মেনানগর গ্রামের আহমদিয়াবিরোধী নেতারা।আহমদিয়া নির্মুল কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নূর হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের মজনুর নেতৃত্বে কমপক্ষে ৩০ জন রহিদুল ইসলামকে তাঁর পরামানিকপাড়া গ্রামের নিজ বাড়িতে দেখতে যান।আহমদিয়াবিরোধীদের হামলায় ৭ নভেম্বর রহিদুল ইসলাম আহত হন। বর্তমানে তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে শয্যাশায়ী আছেন। নেতারা ওই দিন রহিদুল ইসলামের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং একপর্যায়ে তাঁর কাছে ক্ষমা চান।