রাজধানীতে গত সোমবার গভীর রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের কর্মচারী জাবেদ আলী (৫৪), অটোরিকশাচালক ইসলাম শিকদার (৪৫) ও রিকশাচালক শাহজাহান (৩৫)।
বনানী থানার এসআই মুকুল হোসেন জানান, গতকাল সকাল সাড়ে সাতটার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ী এলাকায় বলাকা পরিবহনের একটি মিনিবাস পেছন থেকে একটি বাইসাইকেলকে আরোহীসহ চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী জাবেদ আলী ঘটনাস্থলে মারা যান।
ভোর পাঁচটার দিকে আরামবাগে আল হেলাল পুলিশ বক্সের কাছে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক ইসলাম শিকদার ঘটনাস্থলে মারা যান। সোমবার দিবাগত রাত দুইটার দিকে মিরপুরে ট্রাকচাপায় মারা যান শাহজাহান নামের এক রিকশাচালক।