
পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় হেমায়েত হোসেন (৫৬) নামের এক ট্রাফিক কনস্টেবল মারা গেছেন। তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিকের পূর্ব বিভাগের কনস্টেবল ছিলেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, সকালে ট্রাফিক কনস্টেবল হেমায়েত বাহাদুর শাহ পার্কের কাছে কর্তব্যরত ছিলেন। একপর্যায়ে বেপরোয়ায় গতির ভিক্টর পরিবহনের একটি বাস হেমায়েতকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে বুকে আঘাত পান। তাঁকে ঢাকা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে ১২ টার দিকে তিনি মারা যান। চালকসহ বাসটি আটক করেছে পুলিশ।
হেমায়েতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।