রাজবাড়ী সদর উপজেলাকে আগামী দুই মাসের মধ্যে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার (এসপি) সালমা বেগম। গত মঙ্গলবার সদর থানা চত্বরে উন্মুক্ত (ওপেন হাউস) আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সদর থানা ও কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার মিয়া। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোহাম্মদ জহুরুল হক, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. ওহিদুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ প্রমুখ। সভা পরিচালনা করেন সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আবদুল রহিম মোল্লা।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা অভিযোগ তুলে ধরেন। বিশেষভাবে তাঁরা মাদক সমস্যার কথা বলেন।
সমাপনী বক্তব্যে এসপি সালমা বেগম বলেন, এ বিষয়ে (মাদক সমস্যা) সবার সচেতনতা প্রয়োজন। পরিবারের লোকজন, আত্মীয়স্বজন সবার দিকে নজর রাখতে হবে। আগামী দুই মাসের মধ্যে সদর উপজেলাকে মাদকমুক্ত করা হবে। নিজের মুঠোফোনে মাদক-সংশ্লিষ্ট তথ্য জানানোর জন্য সবাইকে অনুরোধ করে তিনি। সালমা বেগম আরও বলেন, ‘জেলায় যোগদানের পর থেকে বাল্যবিবাহ অনেক কমিয়ে এনেছি। তবে এসব সমস্যা সমাধানের জন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’