রাজশাহী নগরের সেখেরচক এলাকায় গতকাল বুধবার দুপুরে এক অভিযান চালিয়ে পুলিশ দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে। এঁরা হলেন সেখেরচক এলাকার সালাউদ্দিন ওরফে ডলার ও রাসেদ এবং নগরের সাধুর মোড় এলাকার তরিকুল ইসলাম।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান জানান, সেখেরচক এলাকার জিল্লুর সরদারের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ গতকাল দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ তাঁর বাড়ি থেকে চাপাতি, চাকু, হাঁসুয়াসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।