রাজাকারের তালিকা তৈরির বিধান রেখে সংসদে বিল

বাংলাদেশ জাতীয় সংসদ ভবন
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন

বীর মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরির পাশাপাশি রাজাকার, আলবদর, আলশামস বাহিনীসহ স্বাধীনতাবিরোধীদের তালিকা তৈরির ক্ষমতা পাচ্ছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)। এই বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের খসড়া জাতীয় সংসদে তোলা হয়েছে। আগের আইন বাতিল করে নতুন এই আইন করা হচ্ছে।

আজ রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বিল-২০২২’ সংসদে তোলেন। বিলটি সাত কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিলটি উত্থাপনের সময় আপত্তি জানান বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। বিলটিকে ‘অসম্পূর্ণ’ উল্লেখ করে এতে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের সংজ্ঞা, বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। হারুন বলেন, মুক্তিযুদ্ধের সময় যাঁরা বিদেশে ছিলেন, ভারতে আশ্রয় নিয়েছিলেন, তাঁদেরও সনদ দেওয়া হচ্ছে। এটা বিব্রতকর।

অবশ্য হারুনের আপত্তি ভোটে নাকচ হয়ে যায়। বিলে বলা হয়েছে, ‘১৯৭১ খ্রিষ্টাব্দের ২৬ মার্চ হইতে ১৬ ডিসেম্বর পর্যন্ত যাঁহারা মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত থাকিয়া বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করিয়াছেন বা খুন, ধর্ষণ, লুট, অগ্নিসংযোগের অপরাধমূলক ঘৃণ্য কার্যকলাপ দ্বারা নিরীহ মানুষকে হত্যার মাধ্যমে যুদ্ধাপরাধ সংগঠিত করিয়াছেন অথবা একক বা যৌথ বা দলীয় সিদ্ধান্তক্রমে প্রত্যক্ষভাবে, সক্রিয়ভাবে বা পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করিয়াছেন, তাঁহাদের তালিকা প্রণয়ন ও গেজেট প্রকাশের জন্য সরকারের নিকট সুপারিশ প্রেরণ করবে।’

পেট্রোবাংলার জন্য নতুন আইন হচ্ছে

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার জন্য নতুন আইনের একটি খসড়া আজ জাতীয় সংসদে তোলা হয়েছে। সামরিক আমলে প্রণীত এ–সংক্রান্ত আইন বাতিল করে নতুন আইনটি করা হচ্ছে। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ‘বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল-২০২২’ সংসদে তোলেন।

পরে বিলটি ১৫ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

উচ্চ আদালতের এক রায়ে সামরিক সরকারের জারি করা অধ্যাদেশগুলোর কার্যকারিতা লোপ পায়। এর ফলে সব অধ্যাদেশকে ধীরে ধীরে আইনে পরিণত করার পদক্ষেপ নেয় সরকার। এরই অংশ হিসেবে এত দিন অধ্যাদেশে চলে আসা পেট্রোবাংলাকে আইনের অধীনে আনতে বিলটি সংসদে তোলা হয়েছে।

এত দিন পেট্রোবাংলার অনুমোদিত মূলধন ছিল ২০০ কোটি টাকা। খসড়া আইনে এটি পাঁচ হাজার কোটি টাকা করা হয়েছে। আর পরিশোধিত মূলধন করা হয়েছে ২০০ কোটি টাকা।