রাজীবের দুর্ঘটনায় দায় ও ক্ষতিপূরণ নিরূপণে কমিটি গঠনের নির্দেশ

রাজীব হোসেন
রাজীব হোসেন

রাজীব হোসেনের সড়ক দুর্ঘটনায় দায় ও ক্ষতিপূরণ নিরূপণে একটি স্বাধীন কমিটি গঠন করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রাজীবের ভাইদের কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আজ মঙ্গলবার এ আদেশ দেওয়া হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যদের আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও স্বজন পরিবহনের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেন

আদেশে বলা হয়, কমিটি ক্ষতিপূরণ দিতে দায় নিরূপণ করবে। আগামী ৩০ জুনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। দায়ীপক্ষ বা দায়ীপক্ষগুলো পর্যাপ্ত ক্ষতিপূরণ দেবে।

আদালতে আজ বিআরটিসির পক্ষে ছিলেন এ বি এম বায়েজিদ ও মুনীরুজ্জামান। স্বজন পরিবহনের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু ও পঙ্কজ কুন্ডু। রিট আবেদনকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজলও উপস্থিত ছিলেন।

৮ মে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজীবের পরিবারকে এক কোটি টাকা দেওয়ার নির্দেশ দেন। ক্ষতিপূরণ হিসেবে রাজীবের পরিবারকে এই টাকা পরিশোধ করবে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি ও বেসরকারি পরিবহন কোম্পানি স্বজন পরিবহন। আগামী এক মাসের মধ্যে অর্ধেক টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৩ এপ্রিল দুই বাসের রেষারেষিতে এক হাত হারান তিতুমীর কলেজর ছাত্র রাজীব হোসেন। এরপর তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। গত ১৬ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাত হারানোর পর গণমাধ্যমে খবর প্রকাশিত হলে আদালতে রিট করেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।