মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে বিধান বিশ্বাসের দায়িত্ব পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার রুলসহ এ আদেশ দেন।
রুলে বিধান বিশ্বাসকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব, মাদারীপুরের জেলা প্রশাসক, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিধান বিশ্বাসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বিধান বিশ্বাসের চেয়ারম্যান পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে ৯ অক্টোবর রিটটি করেন দীশেন চন্দ্র বিশ্বাস। গত ৭ মে অনুষ্ঠিত কদমবাড়ি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন রিট আবেদনকারী।