রাতে নোয়াখালীতে মসজিদের ইমামের লাশ উদ্ধার

নোয়াখালী শহরের কৃষ্ণরামপুর এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি মসজিদের ইমামের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মাওলানা জহিরুল হক (৫২)। তিনি কৃষ্ণরামপুর জামে মসজিদের ইমাম ছিলেন বলে জানায় পুলিশ।
কৃষ্ণরামপুরের নিজ বাড়ির শোবার ঘরে জহিরুল হকের গলাকাটা লাশ পড়ে ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে রাত ১০টার দিকে খাবার খেয়ে তিনি ঘুমাতে যান বলে পুলিশ জানতে পেরেছে।
নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে যায়। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
রাত সাড়ে ১২টায় এই প্রতিবেদন লেখার সময় কৃষ্ণরামপুরে নিহত ইমামের বাড়িতে পুলিশের কর্মকর্তারা অবস্থান করছিলেন।