রামপালে শেষ হলো নির্ভীকের পদযাত্রা

সুন্দরবনের পাশে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে নারায়ণগঞ্জ থেকে রামপাল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করেছে ‘নির্ভীক’ নামে একটি পরিবেশ ও মানবাধিকার সংগঠন।
গতকাল রোববার সকাল সাড়ে নয়টায় রামপালের ফয়লা বাজার বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশের মধ্য দিয়ে নির্ভীকের চার সদস্যের দলটি তাদের ২১০ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শেষ করেছে। ৮ অক্টোবর দলটি নারায়ণগঞ্জ শহীদ মিনার থেকে তাদের যাত্রা শুরু করেছিল।
দলের সদস্যরা হলেন নির্ভীকের প্রধান সমন্বয়কারী ও নারায়ণগঞ্জ নগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, নির্ভীকের কর্মী মঞ্জুরুল আলম, বিল্লাল হোসেন ও ফজলুল হক।
এ তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে শুরু থেকে আন্দোলন করে আসা ‘রামপাল কৃষিজমি রক্ষা কমিটি’র নেতা ও স্থানীয় জনগণ পরে ফয়লা বাজারে দলটিকে সংবর্ধনা দেন।