‘শুদ্ধ বাংলায় কথা বলি, শুদ্ধ ভাষার চর্চা করি’ স্লোগানে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।
শনিবার সকালে উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে প্রতিযোগের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্। এরপর শুরু হয় এক ঘণ্টার প্রতিযোগ। প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—এ চারটি বিভাগে উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজি ওয়াহেদ, ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হযরত আলী, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার, বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির রায়গঞ্জ অঞ্চল সমন্বয়ক কামরুল হাসান প্রমুখ।
রায়গঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, বন্ধুসভার সদস্য ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ছেলেমেয়েরা কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করে। উপজেলার ধানগড়া ইউনিভার্স একাডেমি ও প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা এ আয়োজনে সহযোগিতা করে।