সাঈদীর দণ্ডের বিরুদ্ধে আপিল

রাষ্ট্রপক্ষের সাক্ষ্য উপস্থাপন চলছে

মানবতাবিরোধী অপরাধ
মানবতাবিরোধী অপরাধ

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানিতে আসামিপক্ষ গতকাল মঙ্গলবারও রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য উপস্থাপন করেছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল ষষ্ঠ দিনের মতো শুনানি গ্রহণ করেন।
শুনানিতে সাঈদীর পক্ষে আইনজীবী এস এম শাহজাহান রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী রুহুল আমিন ও তৃতীয় সাক্ষী মিজানুর রহমানের জবানবন্দি ও জেরার অংশবিশেষ উপস্থাপন করেন। তিনি এর আগে রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মাহবুবুল আলম হাওলাদারের সাক্ষ্য উপস্থাপন শেষ করেন।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং সাঈদীর পক্ষে আইনজীবী আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। আজ বুধবারও শুনানির দিন ধার্য রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ২৮ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ আপিল করে। গত ২৪ সেপ্টেম্বর সাঈদীর আপিলের পক্ষে শুনানি শুরু হয়।