আবদুল হামিদ বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির একটি অভিনন্দনপত্র তাঁর কাছে হস্তান্তর করেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন। গতকাল বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ভারতীয় হাইকমিশনার এ পত্র পৌঁছে দেন। খবর বাসসের।
বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দিয়ে থাকে এবং সে দেশকে অন্যতম ঘনিষ্ঠ বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচনা করে।
জবাবে ভারতের হাইকমিশনার বাংলাদেশের রাষ্ট্রপতিকে বলেন, স্থল সীমানা চুক্তি, তিস্তার পানি বণ্টন চুক্তিসহ দুই দেশের মধ্যে বিদ্যমান সব অমীমাংসিত সমস্যা অদূর ভবিষ্যতে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হবে।
স্পিকারের সঙ্গে বৈঠক: রাষ্ট্রপতি সংসদ অধিবেশন এবং জাতীয় সংসদ সচিবালয় পরিচালনাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন। দেশের প্রথম নারী স্পিকার শিরীন শারমিন গতকাল বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।