ভারতের সেনাবাহিনীর প্রধান জেনারেল বিক্রম সিং গতকাল বুধবার বাংলাদেশে ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।বঙ্গভবনে বিক্রম সিং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি প্রতিবেশী দুই দেশের সামরিক বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। ভারতীয় সেনাপ্রধান রাষ্ট্রপতিকে বলেন, দুই দেশের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতার সম্পর্ক সম্প্রসারিত হবে। একই দিন ভারতীয় সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা দুর্যোগকালে মানবিক সহায়তা প্রচেষ্টা জোরদারে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।সেনাপ্রধান ইকবাল করিমের সঙ্গে ভারতের সেনাপ্রধানের সাক্ষাৎকালে পেশাগত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। তাঁর সঙ্গে বৈঠকের আগে বিক্রম সিং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া তিনি নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল মো. আবদুল ওয়াদুদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন।ভারতের সেনাপ্রধান চার দিনের সফরে গত মঙ্গলবার ঢাকায় আসেন। সফরসঙ্গীদের মধ্যে তাঁর স্ত্রী সরজিত কাউরও রয়েছেন। বাসস ও আইএসপিআর।