লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া বাজার এলাকায় আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কে কুড়িগ্রামমুখী মিতালি পরিবহনের একটি বাস দোকানে ঢুকে স্বপন চন্দ্র রায় (১৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি গোকুন্ডা ইউনিয়নের ধুমেরকুটি গ্রামের বিনয় চন্দ্রের ছেলে। এ ঘটনায় একই ইউনিয়নের বালাপাড়া গ্রামের মোকছার আলী (৫০) আহত হন।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মিতালি পরিবহনের যাত্রীবাহী বাসটি ফকিরের তকেয়া বাজার এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে কুলসুম মেডিকেল স্টোর ও পাশাপাশি অবস্থিত অপর একটি মুদির দোকানে ঢুকে যায়। বাসটিকে দ্রুত দোকানের দিকে ধেয়ে আসতে দেখে দোকানের লোকজন দৌড়ে বাইরে চলে যেতে পারলেও দোকানের সামনে থাকা বাই-সাইকেল চালক স্বপন চন্দ্র রায় বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। বাসের ধাক্কায় ছিটকে পড়ে মোকছার আলী গুরুতর আহত হন। এলাকাবাসী মোকছার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটিকে আটক করা হয়েছে, তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছে।