সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকের ১৩টি পদ দীর্ঘদিন ধরে শূন্য হয়ে পড়ে আছে।এ কারণে ওই ১৩ বিদ্যালয়ে পাঠদানসহ সার্বিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় ৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে ১৩টি বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক নেই। এগুলো হচ্ছে: ধামাইনগর ইউনিয়নের বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধুবিল ইউনিয়নের রূপাখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেতুয়া প্রাথমিক বিদ্যালয়, ধানগড়া ইউনিয়নের কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলকা ইউনিয়নের সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলকা কায়েমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঙ্গাসী ইউনিয়নের কৃষ্ণদিয়া প্রাথমিক বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও মিত্রতেঘুরী প্রাথমিক বিদ্যালয়, ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল প্রাথমিক বিদ্যালয়, খামারগাঁতী প্রাথমিক ও বারইভাগ প্রাথমিক বিদ্যালয় এবং ঘুড়কা ইউনিয়নের কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইয়াকুব হোসেন খান বলেন, সরকারি নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন হলে ওই সব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদগুলো পূরণ হয়ে যাবে।এ সময় পর্যন্ত সহকারী শিক্ষকসহ এলাকাবাসীকে সুষ্ঠুভাবে বিদ্যালয় পরিচালনার জন্য সহযোগিতা করতে হবে।