রায়পুরে ছাত্রদল নেতাকে পিটিয়ে জখম

লক্ষ্মীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ফয়েজ আহমেদকে দুর্বৃত্তরা পিটিয়ে জখম করেছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে পৌরসভার মিরগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর পিঠ ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
ফয়েজ আহমেদ বলেন, ‘উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলাম। এতে একটি পক্ষ আমার ওপর ক্ষিপ্ত হয়। ঘটনার সময় অজ্ঞাত আট-১০ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা করে। এ সময় তারা আমাকে তুলে নেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন এলে ওরা চলে যায়। রায়পুর থানার উপপরিদর্শক (এস আই) আবুল বাশার বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগও করেনি।